দিনেদুপুরে বিষ্ণুপুরের একটি রাষ্ট্রয়ত্ত্ব ব্যাংক থেকে কয়েক লক্ষ টাকা লুট
দি নিউজ লায়ন ; দিনেদুপুরে বিষ্ণুপুরের একটি রাষ্ট্রয়ত্ত্ব ব্যাংক থেকে কয়েক লক্ষ টাকা লুট করে পালাল তিন দুষ্কৃতী। বুধবার বিষ্ণুপুর থানার অন্তর্গত বাকেশ্বর কালিতলার মোড়ের সজনেবেরিয়ায় ঘটেছে এই ঘটনা। তবে লুট হওয়া টাকার পরিমাণ নিয়ে দু'রকম তথ্য মিলেছে। পুলিসের দাবি, খোয়া গিয়েছে ১২ লক্ষ টাকা। যদিও ব্যাংক সূত্রে জানা গিয়েছে, ৪০ লক্ষ টাকা লুট করে পালিয়েছে দুষ্কৃতীরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুর ৩টে ৪০ নাগাদ গ্রাহক সেজে তিন যুবক ব্যাংকে প্রবেশ করে। মিনিট ১৫ মধ্যে হন্তদন্ত হয়ে বাইক নিয়ে পালিয়ে যেতে দেখা যায় তাদের। ব্যাংক কর্মীরা জানান, তিনজনের মধ্যে একজন গেটে পাহারা দিচ্ছিল। বাকি দু'জন দোতালায় উঠে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ব্যাংকের ভল্ট থেকে টাকা লুট করে চলে যায়। তার আগে ব্যাংকে উপস্থিত গ্রাহক ও অন্যান্য অফিসারদের একটি ঘরে আটকে রাখা হয়।
ব্যাংক লুটের খবর এলাকায় ছড়িয়ে পড়তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। আশপাশের বহু লোক ব্যাংকের সামনে ভিড় জমান। কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, বিকেল ৪টের কাছাকাছি তিনজন যুবক বাইকে করে প্রচন্ড গতিতে নেপালগঞ্জের দিকে চলে যায়। পরে জানতে পারি তারা ব্যাংক লুট করে পালিয়েছে।
এই খবর পেয়ে বিষ্ণুপুর থানার বিশাল পুলিশবাহিনী সহ ডায়মন্ডহারবার পুলিস জেলার পদস্থ কর্তারা সেখানে হাজির হন। ব্যাংকের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। তবে সেখানে কোনও নিরাপত্তারক্ষী কেন ছিল না, তা নিয়েও রহস্য দেখা দিয়েছে।
স্থানীয়রা বলেন, এই ব্যাংক লাগাও যে এটিএম রয়েছে সেখানেও কিছুদিন আগে লুটের চেষ্টা হয়। তারপরও হুঁশ ফেরেনি ব্যাংক কর্তৃপক্ষের। এখনও রক্ষীবিহীন এটিএম চলছে সেখানে। ডায়মন্ড হারবার পুলিশ জেলার সুপার জানিয়েছেন, অজ্ঞাত পরিচয় তিন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। শীঘ্রই তাদের ধরা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

Post a Comment